আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে সান হুয়ান প্রদেশে বুধবার একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
ইশুগুয়ালাস্তো প্রাকৃতিক পার্কে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি পাশের একটি প্রদেশে আগুন নেভাতে যাওয়ার প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছিল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ঘাঁটির সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সপ্তাহের শুরু থেকেই আধা-শুষ্ক অঞ্চল লা রিওহায় পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি।’
সান হুয়ানের গভর্নর জানান, এই ঘটনায় নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক সুরক্ষা কর্মীরা রয়েছেন।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার পর সান হুয়ান স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।


