ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা: দ্রুত পদক্ষেপ চায় চাকসু

ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা: দ্রুত পদক্ষেপ চায় চাকসু
চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের নেতৃত্বে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে যায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং ও মিছিলের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে গিয়ে এ দাবি জানায়।

এ সময় সাঈদ বিন হাবিব বলেন, ‘গতকালও আমরা দেখেছি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে পোস্টারিং করেছে। সারা বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো কার্যক্রম ফৌজদারি অপরাধ। কিন্তু তারা ক্যাম্পাসে মিছিল ও পোস্টারিং করেছে। এমনকি আগেও যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদেরই আবারও সক্রিয় দেখা গেছে।’

তিনি অভিযোগ করেন, বিষয়টি প্রক্টর ও নিরাপত্তা সংশ্লিষ্টদের জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রক্টর হাটহাজারী থানার সঙ্গে যোগাযোগের কথা জানালেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনাগুলোর বাদী হয়ে প্রশাসনের মামলা দায়ের, জড়িতদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা, প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির উদ্যোগ নেওয়া এবং স্থানীয় বাসিন্দা ছাড়া অপ্রয়োজনে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া।

দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, প্রক্টরিয়াল বডি এ ধরনের বিষয়ে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করছে। চাকসুর দাবিগুলো উপাচার্যকে জানানো হবে এবং নিরাপত্তা দপ্তর ও প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রক্টর কার্যালয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যাফেটেরিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও সালমান ফারসি সাকিব উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad