আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ১

আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ১
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফেসবুক গ্রুপের অ্যাডমিন মো. বখতিয়ার আবিদ খান। ছবি: টাইমস 
Advertisement
Advertisement

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে ‘ইভেন্ট সাজাই’ এবং ‘মেইন স্টেজ ইঙ্ক’। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা গেটমাইটিকেট ডট লাইভ- এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইঙ্ক-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করে।

এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন

অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন একে আবিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং ইভেন্ট সাজাই’ এবং ‘মেইন স্টেজ ইঙ্ক-এর ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।

এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার গ্রহণের পর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়।

সিআইডির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি বিসিইসি ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম একে আবিদ খান। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad