খুলনার সোনাডাঙ্গা এলাকায় হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। এদের মধ্যে শুধু ফারুক শেখ আদালতে উপস্থিত ছিলেন, বাকি সাতজন পলাতক।
প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অভিযুক্ত অন্য ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী সোনাডাঙ্গা থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন। একই বছরের ৩ অক্টোবর পুলিশ অভিযোগপত্র জমা দেয়।


