আদ দ্বীন হাসপাতালের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ক্ষতিপূরণ দিয়েছে। মন্ত্রণালয় প্রয়োজনে আবার হাসপাতাল পরিদর্শন করবে। কিন্তু হাসপাতালের বিষয়ে নেওয়া আগের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না।’
সোমবার সচিবালয়ে এক সংবাদ সন্মেলনে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
গত ২৭ মে ভোররাতে আদ-দ্বীন হাসপাতালের অস্ত্রোপচার পরবর্তী ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) তিন সদস্যের উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতাল ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি, পরিবেশগত সমস্যা ও ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সদের অবহেলা চিহ্নিত করা হয়।
ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ওই ঘটনায় পরে গত ১১ জুন আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতিতে ঔষধ ও চিকিৎসা সেবা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী আরও জানান, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিন স্তরে ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী সব সময় পুরো বিষয়টি তদারকি করছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বন্যায় চিকিৎসা জনিত কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি বলে দাবি করেন।


