কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে রাজধানীর দারুস সালাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তার নাম মো. আব্দুল্লাহ শিকদার।
শনিবার সকালে মিরপুরে র্যাব-৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার।
র্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ভেতরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। ওই সময় আব্দুল্লাহসহ কয়েকজন বন্দি বৈদ্যুতিক খুঁটি মই হিসেবে ব্যবহার করে পালিয়ে যান। ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ জানতে পারে, পলাতক আব্দুল্লাহ রাজধানীর দারুস সালাম এলাকায় আত্মগোপন করে আছেন। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, ২০২১ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী লুৎফর রহমানকে হত্যা করেন তিনি। ঘটনার তিন দিন পর ১০ অক্টোবর তিনি গ্রেপ্তার হন।
পরবর্তী সময় ওই হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে ভাঙচুরের সুযোগে তিনি পালিয়ে যান।
র্যাব জানায়, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আব্দুল্লাহকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


