খুলনার রূপসা উপজেলার একটি মাছের ঘেরে গোসল করতে নেমে সিজাদ (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে রূপসা থানার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকার মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজাদ জয়পুর গ্রামের মদিনা সড়ক এলাকার বাসিন্দা মুরাদ শরীফের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে ইব্রাহিমের মাছের ঘেরে গোসল করতে নামে। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘেরে নেমে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

