সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’ শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এই ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।’
উল্লেখ্য, সাভারের তুরাগ নদী থেকে দুই কিশোরের–সুমন (১৭) ও আরিফুল–মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে।
আরও পড়ুন: তুরাগে কিশোরের মৃত্যু/ পুলিশ বলছে ‘দুর্ঘটনা’, ফেসবুকে ছড়াচ্ছে আ.লীগের সমাবেশের জেরে টার্গেট
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে। এই মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
একইসঙ্গে, এই ধরনের গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।


