ভেনেজুয়েলার উপকূলের কাছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই সঙ্গে ভূমিকম্পের পর এই পর্যন্ত অন্তত বিশটি আফটারশক (ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি) অনুভূত হয়েছে।
ভেনেজুয়েলারর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাতে জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে জানান, দেশের কয়েকটি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহত, আহত বা ক্ষতিগ্রস্ত ভবনের নির্দিষ্ট সংখ্যা তিনি প্রকাশ করেননি।

তিনি বলেন, ভূমিকম্পে দেশের প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কয়েক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হবে।
রদ্রিগেজ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম জোরদার করতে দেশের সব স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্যালকন অঙ্গরাজ্যের গভর্নর ভিক্টর ক্লার্ক জানান, অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের চার ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৫ জন আটকা ছিলেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলীয় শহর মোরনের পশ্চিমে, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ২২ কিলোমিটার। মাত্র এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্র ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বিশেষজ্ঞদের মতে, এটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
ভূমিকম্পের পর রাজধানী কারাকাসে বহু ভবন থেকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ধসে পড়ে, রাস্তায় ধুলার মেঘ দেখা যায় এবং বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানান, কারাকাসের আলতামিরা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও ভবন ধসে পড়েছে। তিনি চালকদের অ্যাম্বুলেন্স ও উদ্ধার যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং আফটারশকের আশঙ্কায় জনগণকে খোলা জায়গায় অবস্থান করতে বলেন।
ভূমিকম্পের প্রভাব শুধু ভেনেজুয়েলায় সীমাবদ্ধ ছিল না। প্রতিবেশী ব্রাজিলের আমাজন অঞ্চলের মানাউস, বেলেম ও মাকাপা শহরের বিভিন্ন ভবনও খালি করা হয়। কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও ক্যারিবীয় উপকূলেও কম্পন অনুভূত হয়, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করে। ডোমিনিকান প্রজাতন্ত্রও সতর্কতা জারি করলেও পরে পুয়ের্তো রিকোর জন্য দেওয়া সতর্কতা প্রত্যাহার করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলায় বড় ধরনের ভূমিকম্প তুলনামূলক বিরল। যদিও দেশটি একাধিক ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত, তবে দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে মেক্সিকো বা চিলির মতো ঘন ঘন ভূমিকম্প সেখানে ঘটে না।


