চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় এক শিশু ও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় শিশুটি ও দুপুরে বহুতল ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) ও হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মৃত হানিফ সরকারের ছেলে নির্মাণ শ্রমিক মহিন সরকার (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাহিদ হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুরে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় নিচে পড়ে যান মহিন সরকার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজন থানায় আছেন। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


