প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বুধবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেয় ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত। একই সঙ্গে আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের দুর্নীতি দমন কমিশনের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুনানিকালে আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। তবে চার্জগঠন শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা তার অব্যাহতি চেয়ে শুনানি করেননি। কাজেই আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয়।’
গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে দুদক।
এসব মামলার এজাহার থেকে জানা যায়, সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ তিন হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।
এ ছাড়া আবেদ আলীর বিরুদ্ধে তিন কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
অন্যদিকে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও এক কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট তিন কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আলোচিত আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে তিন কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সম্প্রতি সোহানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।


