বরগুনার তালতলী থানার ব্যারাক থেকে ফারুক গাজী নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার সকালে তালতলী পুলিশ ব্যারাকে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ওই চিরকুটে ফারুক গাজীর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।
পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটি শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে এসে ঘুমিয়ে পড়েন ওই কনস্টেবল। পরে সকাল নয়টার দিকে তিনি ব্যারাকে বসেই কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরগুনার সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ জানান, প্রাথমিকভাবে গ্যাস ট্যাবলেটের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কনস্টেবল ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


