মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে আগের দিনের দাম পতনের ধারা আরও জোরালো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে।
মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়। সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম কমেছে ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।
ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে একটি কাঠামো চুক্তিতে পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানের আশা জাগিয়েছে। এর ফলে শুক্রবার তেলের দাম কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে কঠোরভাবে আঘাত হানার হুমকি দিলেও শেষ পর্যন্ত হামলার পরিকল্পনা স্থগিত করায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে।
তবে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির দাবি, এখনো কোনো চুক্তির খসড়া অনুমোদন করেনি তেহরান।
এদিকে বাজার পরিস্থিতি নিয়ে আইজি গ্রুপের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, এটি হয়তো আরেকটি ক্ষণস্থায়ী আশার বার্তা হতে পারে, তবে বাজারের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং স্পষ্ট।


