বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনে যা থাকছে আজ

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনে যা থাকছে আজ
প্রতীকী ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফুটবলপ্রেমীদের দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ১টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ। এর দুই ঘণ্টা আগেই শুরু হবে এবারের বিশ্বকাপে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল ইতিহাসের প্রথম ‘ত্রয়ী’ আয়োজনের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বখ্যাত তারকাদের সুরের মূর্ছনা এবং মেক্সিকান সংস্কৃতির চোখ ধাঁধানো প্রদর্শনীতে উদ্বেলিত হয়ে উঠবে পুরো ফুটবল বিশ্ব।

বিখ্যাত অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের প্রযোজনায় মেক্সিকোর এই উদ্বোধনী অনুষ্ঠান ফুটবল ও সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি করবে বলে আশা করছে ফিফা। আজতেকা স্টেডিয়ামের সবুজ গালিচায় ঐতিহ্যবাহী মেক্সিকান কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’-এর অনুপ্রেরণায় তৈরি করা হবে জাদুকরী ভিজ্যুয়াল আবহ। এর সঙ্গে আদিবাসী শিল্পীদের পরিবেশনা এবং মেক্সিকোর লোকজ সংস্কৃতির রঙিন উপস্থাপন স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শককে নিয়ে যাবে এক মায়াবী দুনিয়ায়। গ্যালারিতে বসা ফুটবলপ্রেমীদেরও এই উৎসবের সক্রিয় অংশ করে তুলতে বিশেষ লাইটিং ও ইন্টারেক্টিভ অভিজ্ঞতার ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী মঞ্চের সবচেয়ে বড় আকর্ষণ হবেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে ফুটবল ভক্তদের হৃদয়ে অমরত্ব পাওয়া শাকিরা আবারও মেক্সিকোর এই উদ্বোধনী মঞ্চ মাতাবেন। নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তিনি পরিবেশন করবেন ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।

এছাড়া মেক্সিকোর নিজস্ব ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে মঞ্চে আসবেন দেশটির কিংবদন্তি সংগীতশিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ, পপ তারকা বেলিন্ডা, পপ-রক ব্যান্ড মানা এবং লস অ্যাঞ্জেলেস আজুলস। লাতিন সংগীতের উন্মাদনা ছড়াতে যোগ দেবেন জে বালভিন এবং ড্যানি ওশান। উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে সম্মান জানিয়ে দেশটির জনপ্রিয় গায়িকা টাইলাও তার সুরেলা কণ্ঠের জাদু ছড়াবেন আজতেকার আকাশে।

আরও পড়ুন

বিশ্বকাপের এই বিশাল যজ্ঞকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মেক্সিকো সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেক্সিকো সিটির নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার বিশেষ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। বিদেশি পর্যটকদের সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং উন্নত পাবলিক ট্রান্সপোর্টের বিশেষ রুট চালু করেছে সরকার। স্টেডিয়ামের ফটকগুলো ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে, যেন দর্শকরা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই হুড়োহুড়ি এড়িয়ে আসন গ্রহণ করতে পারেন।

এছাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে পর্যটকদের জন্য মেক্সিকান সংস্কৃতির বিশেষ প্রদর্শনী, এক্সক্লুসিভ রিওয়ার্ড জোন ও প্রাক-ম্যাচ বিনোদনের ব্যবস্থাও রেখেছে স্থানীয় প্রশাসন।

উদ্বোধনী এই বর্ণাঢ্য আয়োজন শেষে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও ছিল এই দুই দল, সেবার স্বাগতিক ছিল দক্ষিণ আফ্রিকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad