কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আব্দুল গফুর (৪৪) নামে এক দুর্ধর্ষ ডাকাত দলনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আব্দুল গফুর নোয়াখালীপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুখ্যাত ডাকাত গফুর তার বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছেন। পরে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান টের পেয়ে গফুর পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়।
র্যাবের কর্মকর্তা ফারুক জানান, প্রাথমিক অনুসন্ধানে গফুরকে ওই অঞ্চলের ‘গফুর ডাকাত দল’-এর মূল হোতা ও অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলার চার্জশিটও রয়েছে।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে গফুর এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


