চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচও বন্ধ হয়েছে ভারী বর্ষণে। সকালে রোদ থাকলেও টসের আগ থেকেই মেঘের আনাগোনা দেখা যায় মিরপুরের আকাশে। সেই মেঘই কাল হলো শেষ পর্যন্ত।
দুপুর ২টা ৩৭ মিনিটে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত খেলা হয়েছে ৬.৪ ওভার। টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫০ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস অপরাজিত আছেন ১৩ বলে ২৫ রানে, তার সঙ্গী তাওহিদ হৃদয় মাঠ ছেড়েছেন ৫ বলে ২* রানে।
ওপেনিংয়ে নেমে এই ম্যাচেও সুবিধা করতে পারেননি তানজিদ হাসান ও সাইফ হাসান। দলীয় ২১ রানের মাথায় জেইডেন লেনক্সের বলে টিম রবিনসনের হাতে ক্যাচ দিয়েছেন সাইফ, তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। তানজিদ বোল্ড হয়েছেন নাথান স্মিথের বলে। পরের বলেই স্মিথের বাউন্সারে আপার কাট খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে সোধির হাতে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। তিন নেমে কাউন্টার অ্যাটাক করেছেন লিটন। ৩ চার ও ১ ছক্কায় ১৩ বলে করেছেন ২৫ রান।


