ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এটি বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এখন বিষয়টি কমিশনে উপস্থাপন করা হবে এবং কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, জোটের পক্ষ থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


