লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হন।
শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল ইসলাম (৫২) ও সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। ট্রাকটি অটোরিকশাটিকে কিছু দূর হিঁচড়ে নিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং শোরুমের কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


