পেশাজীবীদের মর্যাদা নিশ্চিতে সংগঠন গড়ে তুলতে হবে: রিজভী

পেশাজীবীদের মর্যাদা নিশ্চিতে সংগঠন গড়ে তুলতে হবে: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিভিন্ন পেশাজীবীদের মর্যাদা নিশ্চিত করতে সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, পেশাজীবী সংগঠনগুলোকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

মঙ্গলবার বিকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শুধু মিছিল-মিটিংয়ের জন্য সংগঠন তৈরি করলেই হবে না। মোটরযান চালকসহ এই পেশার মানুষরা যেন সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে, পুলিশি হয়রানির শিকার না হয় সেসব বিষয়কে সামনে রেখে আইন প্রণয়ন করতে হবে।

কারণ দেশে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবী শ্রেণিই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয় উল্লেখ করে তিনি বলেন, ‘সেই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একটি সম্মানজনক জীবন নিশ্চিত করার লক্ষ্যে মোটরযান চালক পেশাকে মর্যাদাসম্পন্ন পেশা হিসেবে গড়ে তুলতে হবে।’

বিদেশ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকায় দেখেছি বাংলাদেশের অনেক বিএ পাস, এমএ পাস, এমনকি ইঞ্জিনিয়ার ও ডাক্তাররাও সেখানে উবার বা ট্যাক্সি চালান। তারা ওই পেশায় যুক্ত থেকেও উন্নত মানের জীবনযাপন করেন, বাড়ি কেনেন। সেখানে কোনো শ্রেণিভেদ নেই। একজন ট্যাক্সিচালক ও একজন পেশাজীবীর সামাজিক মূল্য সমান।’

বিএনপির এই নেতা আহ্বান জানান, ‘আমাদের দেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ছোট কাজ-বড় কাজের বিভাজন থাকবে না। এজন্য রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে, সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad