টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হাসপাতালের লিফটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের নবম তলায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ মিজানুর রহমানের শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন তাকে অক্সিজেন দেওয়া হয় এবং সিলিন্ডারটি তার বেডের কিনারায় ঝুঁলিয়ে রাখা হয়েছিল। পরে তাকে লিফটে করে নিচে নামানোর সময় অরক্ষিত সিলিন্ডারটির সাথে ধাক্কা লাগে। এতে ভারী সিলিন্ডারটি সরাসরি মিজানুরের মাথার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা এই মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অনিরাপত্তাকে দায়ী করেছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।
হাসপাতালের সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ বলেন, ‘রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। চিকিৎসায় কোনো অবহেলা ছিল না, তবে লিফটে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।’
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, ‘যেভাবে ঘটনাটি ঘটেছে, তা সম্পূর্ণ অব্যবস্থাপনা। আমরা এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করব। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


