সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির ঘটনা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘অন্তত এখন পর্যন্ত যা জানা গেছে, আমি মনে করি না এর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে। এটা আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের একটি নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
একপর্যায়ে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলার শঙ্কায় দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন খোদ ট্রাম্প। তিনি জানান, ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের লক্ষ্য করে শটগান দিয়ে হামলাকারী গুলি চালান। গুলিবিদ্ধ এক কর্মকর্তা বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে প্রাণে বেঁচে গেছেন এবং তিনি এখন ‘ভালো আছেন’।
ট্রাম্পের মতে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি মনে করেন না এই ঘটনা ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। তবে তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।
ট্রাম্প বলেন, ‘আপনি যখন এমন কিছু করেন, তখন আপনি লক্ষ্যবস্তু হয়ে যান। আমি যদি তা না করতাম, হয়তো কম লক্ষ্যবস্তু হতাম, কিন্তু আমি এতে গর্বিত। আমি সঠিক পথেই হাঁটছি।’
ওয়াশিংটনের অন্তর্বর্তী পুলিশ প্রধান জেফেরি ক্যারল সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছে শটগান, হ্যান্ডগান ও একাধিক ছুরি ছিল। তিনি ওই হোটেলেই অতিথি হিসেবে অবস্থান করছিলেন। তবে এই হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

ট্রাম্পও সেই কথার পুনরাবৃত্তি করে বলেন, ‘হামলাকারী সম্ভবত একাই কাজ করেছে এবং সেটি নিশ্চিত করতে তদন্ত চলছে। সন্দেহভাজন হামলাকারী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা।’
ভবিষ্যতে ইনডোর (বদ্ধ ঘরে) অনুষ্ঠানের নিরাপত্তা পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তা করতে পারি না। অনুষ্ঠানস্থলটি “খুবই সুরক্ষিত” ছিল। যেকোনো জায়গায়ই আমাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।’
‘একজন একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা সদস্যদের ওপর হামলা চালালেও আমাদের সাহসী সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে দ্রুত পরাস্ত করে নিয়ন্ত্রণ নেয়। হামলাকারী কেবল ৫০ গজ দূর থেকে দৌড়ে আসে এবং তিনি খুব দ্রুত এগিয়ে আসছিলেন।’
সন্দেহভাজন ওই ব্যক্তিকে ‘মানসিকভাবে অসুস্থ ব্যক্তি’ হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘তাকে মাটিতে পড়ার সময় “খুবই ভয়ংকর” দেখাচ্ছিল। তার ক্যালিফোর্নিয়ার বাড়িতে অভিযান চালানো হচ্ছে।’

এদিকে সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, অনুষ্ঠানের প্রবেশমুখের প্রধান স্ক্রিনিং এলাকায় এই গুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ৬০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ‘নিচে শুয়ে পড়ুন’ বলে চিৎকার করতে থাকেন এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নিতে শুরু করেন।
হামলার শঙ্কায় নিরাপত্তা সদস্যরা দ্রুত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বারগামসহ গুরুত্বপূর্ণ পদধারীদের মাটিতে শুইয়ে দেন।


