মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের পূর্ণ উদ্যমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ সব কথা জানান। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সেশন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশে যেমন একটা শক্তিশালী স্থানীয় সরকার থাকে তেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল বা জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো সেভাবে সক্রিয় বা শক্তশালী না। তাই আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা বা কার্যক্রম হাতে নেই, সেটা বাস্তবায়ন করতে আমাদের মূল চাবিকাঠি জেলা প্রশাসক।’
তিনি বলেন, ‘অতএব, আমি মনে করি যে তাদের সঙ্গে একটা ইন্টার্যাকশন, যাতে করে আমরা যে কার্যক্রম হাতে নেই, সেটা গাছ লাগানো, বায়ুদূষণ কমানো বা বর্জ্য ব্যবস্থাপনার কাজ তাদের সাহায্য সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। সেজন্য তাদের সহযোগিতা আমি চেয়েছি, যাতে করে এগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়।
সারাদেশের কৃষি জমিগুলো দখল হচ্ছে, বন উজাড় হচ্ছে, এ ব্যাপারটা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ করার কথা। এই বিষয়ে ডিসিদের কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো নির্দেশনা দেই নাই। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে, বাস্তবায়ন করার জন্য যে সহযোগিতা দরকার, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চেয়েছি।’


