৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন
ফাইল ফটো
Advertisement
Advertisement

আগামী ৯ জুলাই পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে। রোববার বিকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশেষ প্রয়োজনে সংসদ অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে বাজেট আলোচনার সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন প্রতিদিন দুই বেলা করে বৈঠক অনুষ্ঠিত হওয়ার একটি প্রস্তাব করা হয়েছে। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

চলতি অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন

এ ছাড়া বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যায় (বিধি-১৩১) ২৯৩টি নোটিশ জমা পড়েছে।

বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বিরোধী দল থেকে অংশ নেন উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। এ ছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে যোগ দেন। বৈঠকে সাচিবিক সহায়তা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad