সারাদেশে ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ক্লাস পরিক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১২টায় ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে শেবাচিমের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও যোগ দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যম্পাস প্রদক্ষিণ করে হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন করে। পরে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হাসপাতালের পরিচালক বরাবর দেন তারা।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ছয় দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করা, বিএমইউ, বিসিপিএসের পরিক্ষা ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে রাখার দাবি জানিয়েছেন।
আন্দোলনরতরা জানিয়েছে, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল
এদিকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রস্তাবিত অধ্যাদেশ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরাও বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত এ অধ্যাদেশ বাতিল করে শিক্ষার্থী ও চিকিৎসকদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
নওগাঁ মেডিকেল কলেজ
ছয় দফা দাবিতে রোববার বেলা সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরাও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাদিয়া বিনতে কাজল, ডা. হাসিবুল হাসান রাকিব, ডা. বারিউল হায়দার, ডা. মারুফ বিল্লাহ, নওগাঁ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।


