লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পাঁচ টাকার বিদ্যুৎ বিলের লেনদেনকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার রাতে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলমগীর হোসেন। অভিযুক্ত বড় ভাইয়ের নাম খোরশেদ আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিলের পাঁচ টাকা লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছায়। পরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আলমগীর হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


