৫ আগস্টের পর ‘গুপ্ত বাহিনীর’ উদয় হয়েছে: ইশরাক হোসেন

৫ আগস্টের পর ‘গুপ্ত বাহিনীর’ উদয় হয়েছে: ইশরাক হোসেন
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার পুরান ঢাকার সুরিটোলা স্কুলের সামনে | ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

৫ আগস্টের পর দেশে ‘গুপ্ত বাহিনীর’ উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রাম করে এই জায়গায় এসেছি, ভেসে আসিনি। দীর্ঘ ১৭ বছরে আমাদের বহু ভাইয়ের রক্ত রয়েছে। অথচ হঠাৎ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর গুপ্ত বাহিনীর উদয় হয়েছে।’

শুক্রবার পুরান ঢাকার সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমরা দেখেছি, তারা ভোর ৬টার সময়–যখন রাস্তাঘাটে সাধারণ মানুষ থাকত না, তখন অন্ধকারে চুপ করে বের হয়ে মিছিল করে চলে যেত। এটা ছিল তাদের আন্দোলন।’

এক প্রার্থীর ‘ঢাকার একটি সিটও কাউকে দেওয়া হবে না’–এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। আমি বলব, এসব কথা বলার কারণে তারা এখন হাস্যরসের পাত্রে পরিণত হয়েছে। নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য তারা এসব বলছে। আমরা তাদের মতো নই, আমরা সেভাবে কথা বলব না।’

তিনি জানান, বিএনপি সবার কাছে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে।

আরও পড়ুন

পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, পরিবেশ দূষণ ও তীব্র যানজটসহ নানা জটিল সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পুরান ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে। আমরাও সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি।’

পুরান ঢাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘গ্যাস সংকট এখন ভয়াবহ আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার, অনেক জায়গায় খোলা ড্রেনেজে নোংরা পানি জমে থাকে। পাশাপাশি জলাবদ্ধতা, দূষণ ও ট্রাফিক জ্যাম এলাকাবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে।’ এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে অতীতের গণহত্যা, গুম ও খুনের সঠিক বিচারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন।

কর্মসংস্থান ও নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

‘আগামী এক বছরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কীভাবে সহায়তা দেওয়া হবে–সবই সেখানে বলা আছে। নারীদের ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং গণপরিবহনসহ সর্বত্র নারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থাও আমাদের পরিকল্পনার অংশ।’

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad