বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই: ফখরুল

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই: ফখরুল
ঠাকুরগাঁও-এ নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মতো আর কেউ নেই বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি। বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।’

শুক্রবার বিকালে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে আর কেউ করতে পারবে না। আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে।’

আরও পড়ুন

ভোটারদের সজাগ করে তিনি বলেন, ‘একটা দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে। দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করে নাই। আমরা কাজ করেছি। আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।’ এ সময় সরকারে থাকাকালীন বিএনপি যেসব উন্নয়ন করেছে তা তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের কাছে জানতে চান গত ১৫ বছরে আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন। জবাবে ভোটাররা বলেন, পারিনি। তিনি বলেন, ‘ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে। আবার কখনো ভোটটা নিয়ে চলে গেছে। এই ছিল গত ১৫ বছর। এখন একটা সুযোগ আসছে, আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে। চলে গেছেন ভালো করছেন। কিন্তু যারা তাকে সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছেন।’

তিনি বলেন, ‘আমরা বলছি যারা নিরপরাধ তাদের কেউ বিপদে পড়বেন না। আমরা আছি পাশে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না। আমি আমার এলাকার হিন্দু,মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করি। আমাদের উন্নয়নের জন্য কাজ করি। আমরা একসঙ্গে কাজ করতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক হিন্দু ও মুসলিম ভাগ করতে চায়। কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad