চলতি বছরের ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি এখন পর্যন্ত ৫২ জেলার ৫৪টি উপজেলা ও ৫৬টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন অধিদপ্তর-সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।
কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে সবাই একত্রে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চাই।’
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেন।
কমিটির সদস্য মো. মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন অধিদপ্তর-সংস্থার কার্যক্রম নিয়েও আলোচনা হয়।


