৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত মোট ৩,২৬৩ জন চিকিৎসক যোগদান করেছেন। তাদের মধ্যে ২,৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ দেন।
যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ একটি যুগান্তকারী ঘটনা।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চিকিৎসকদের চাকরিতে যোগদান নিশ্চিত করা হয়েছে।
নবনিযুক্ত চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে।
পদায়নের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনার কথা তুলে ধরে তিনি বলেন, যেসব দম্পতির স্বামী বা স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত, তাদের একই কর্মস্থলে পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের পছন্দ বিশেষ বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আজকের পদায়ন মেধাভিত্তিক হবে এবং এর সঙ্গে মানবিক উপাদান যুক্ত থাকবে।
নতুন চিকিৎসকদের নিয়ে আশা প্রকাশ করে মো সায়েদুর রহমান বলেন, ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচিত এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক পদায়নের পর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।


