তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে এ কর্মসূচি করা হবে।
রবিবার রাত ১১ টায় ফেসবুকে পোস্ট দিয়ে সোমবার দুপুর ১২টার দিকে ডাকসুর সামনে জমায়েতের ডাক দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ডাকসু ভিপি সাদিক কায়েম এর নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও।’
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওসমান হাদি। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড বলেছে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।


