রাজধানীর ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘ইমু রটোফ্লেক্স’ কার্টুন তৈরির কারখানাটি সরজমিনে পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে ডেমরার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান।
পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইনকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও অন্যজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং শিল্প কলকারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


