দায়িত্ব গ্রহণের পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করেননি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আমি কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।’
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান যে পরিবর্তন এনে দিয়েছে, সেই পরিবর্তন আচরণে প্রতিফলিত হতে হবে। কেউ অনায্য কাজ করাতে চাইলে স্পষ্টভাবে জানাতে হবে যে তা সম্ভব নয়। প্রয়োজনে বিনয়ের সঙ্গে সঠিক পদ্ধতি তুলে ধরতে হবে।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত ১৮ তারিখ নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদযাপনের দিন হবে। তাকে যে নেতৃত্ব দেখাতে হবে, সে কাজে দয়া করে সহায়তা করবেন। তার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাইলে করুন, তবে সরাসরি তাকে বলুন।’
উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। বাংলাদেশের জন্য কাজ করেছি, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কাজ করেছি। মন্ত্রণালয়ের সব উইং ও দপ্তর-সংস্থা সম্মিলিতভাবে কাজ করতে পেরেছে-এই স্মৃতি নিয়েই তিনি নিজ দায়িত্বে ফিরে যাচ্ছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


