মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত দাবি মির্জা ফখরুলের

মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত দাবি মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের ১৪২ জন শহীদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভা। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমি সরকারকে স্পষ্টভাবে এই ঘটনাগুলোর দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

জুলাই গণঅভ্যুত্থানের ১৪২ জন শহীদের পরিবারের সঙ্গে শনিবার এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ‘যদি তা না করা হয়—তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন জাতি সরকারকে ক্ষমা করবে না। এই সমস্যা সৃষ্টির জন্য সরকারকেই দায়ী করবে।’

বিএনপি নেতাকর্মীদের তাদের গণতান্ত্রিক সংগ্রামে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমি ধৈর্য ধরে আরও কিছু সময় অপেক্ষা করার অনুরোধ করছি। আমাদের মধ্যে কেউ যেন কোনো অন্যায় কাজ না করে—তা নিশ্চিত করুন। বিএনপি কখনো অন্যায়কে সমর্থন করেনি, করবেও না। বিএনপি সর্বদা আইনের শাসনের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

আরও পড়ুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী এবং ছাত্রদলের বীর শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান ফখরুল।

‘আমরা আন্তরিকভাবে রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামোর পরিবর্তন চাই। তারপরে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং এর প্রথম ধাপ হলো নির্বাচন,’যোগ করেন তিনি।

বিএনপি নেতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হত্যাকাণ্ড বৃদ্ধির জন্য নির্বাচনের অনুপস্থিতিকে দায়ী করে বলেন, অপরাধীরা নির্বাচিত সরকার না থাকার সুযোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘জনগণের নির্বাচিত সরকার অবশ্যই আরও শক্তিশালী এবং জবাবদিহিতামূলক হবে। আমি আশা করি ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একসঙ্গে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

ফখরুল ছাত্রদলকে তার শহীদ সদস্যদের আত্মত্যাগের লিপিবদ্ধ করে একটি বই তৈরি করার পরামর্শ দেন। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র শহীদদের যথাযথ সম্মান দেবে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াবে এমন আশ্বাসও দেনে বিএনপির এই নেতা।

ফখরুল জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারে প্রতি আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad