রাজধানীর মিরপুর ও রমনা থানায় করা দুটি আলাদা হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকার বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই রাজধানী ঢাকার মিরপুরে সিয়াম সরদার (১৭) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে তার বাবা সোহাগ সরদার ওই বছর ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আসাদুজ্জামান নূরকেও আসামি করা হয়। তার বিরুদ্ধে রমনা থানায়ও একটি হত্যা মামলা রয়েছে।


