টানা ২৩ দিন বন্ধ থাকার পর ফের কার্যক্রম শুরু করেছে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেলের নতুন চালান দেশে পৌঁছানোর পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির পরিশোধন কার্যক্রম শুরু হয়।
শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে ফের পরিশোধনাগার চালুর মাধ্যমে ২৩ দিনের স্থগিতাবস্থার অবসান হলো।
এর আগে, গত বুধবার চীনা জাহাজ ‘নাইনেমিয়ার’ বহন করে আনা এক লাখ টন অপরিশোধিত তেলের চালান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বহির্নোঙরে পৌঁছে। সে রাতেই লাইটার জাহাজের মাধ্যমে তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন শুরু হয়।
রিফাইনারি সূত্র জানায়, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ হাজার টন অপরিশোধিত তেল রিফাইনারিতে পৌঁছে দেওয়া হয়। এর ফলে পূর্ণমাত্রায় পরিশোধন কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। এবার প্রতিদিন প্রায় চার হাজার ৪০০ টন জ্বালানি তেল পরিশোধনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশনস) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত তেল পাওয়ার পর সকাল ৮টা ২০ মিনিটে পরিশোধন কার্যক্রম শুরু করা হয়েছে।’
তিনি আরও জানান, রিফাইনারি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হওয়ায় আগামী শনিবার থেকেই পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ শুরু হতে পারে।
রিফাইনারি সূত্রে জানা গেছে, পরিশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর অপরিশোধিত তেল থেকে ব্যবহারযোগ্য জ্বালানি তেল উৎপাদনে কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মাসিক এক লাখ ৫০ হাজার টন পরিশোধন সক্ষমতাসম্পন্ন এই রিফাইনারি অপরিশোধিত তেলের চালান বিলম্বিত হওয়ায় কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সৌদি আরবের বিভিন্ন বন্দরে তেলবাহী জাহাজ আটকে ছিল। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রায় আড়াই মাস ধরে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।
উল্লেখ্য চীনা জাহাজ ‘নাইনেমিয়া’ জাহাজটি গত ২১ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করে।


