২০২৪-২৫ অর্থবছরের জন্য দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের সর্বশেষ এই হিসাব প্রকাশ করেছে।
বিবিএসের তথ্যানুসারে, গত অর্থবছরের শেষ প্রান্তিক (এপ্রিল থেকে জুন) জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩৫ শতাংশ ছিল। কৃষি, শিল্প, এবং সেবা খাতে মাঝারি পারফরম্যান্সের কারণে প্রবৃদ্ধি কিছুটা কমেছে।
২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১০ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৮০ শতাংশ।
সেবা খাত, যা দেশের অর্থনীতিতে অর্ধেকের বেশি অবদান রাখে, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ২ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। আগের বছর একই সময়ে এটি ছিল ৩ দশমিক ৬১ শতাংশ।
কৃষি খাতের প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা গেছে, এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৩ দশমিক ৫ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ, ৪ দশমিক ৪৮ শতাংশ এবং ৪ দশমিক ৮৬ শতাংশ। এর আগের অর্থবছরে একই সময়ের প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭ শতাংশ, ৪ দশমিক ৪৭ শতাংশ এবং ৪ দশমিক ৬২ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।


