লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পরিবারের অভিযোগ, ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে শুধু মা-মেয়ে ছিলেন। মিজানুর রহমান ও বাড়ির অন্য পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের জবাই করে হত্যা করে। পরে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাজার থেকে পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাড়িতে ফিরে মেঝেতে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
স্থানীয় ফারুক হোসেন বলেন, ‘তাদের হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ভয়াবহ ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে হত্যাকারীরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক জানান, কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে, গত ১৩ মে রামগঞ্জ উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছিল।


