সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় এবার জামায়াতে ইসলামী ও বিএনপির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১৯ নভেম্বর (ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির এই সংলাপ অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে জামায়াতে ইসলামী ও বিকালে বিএনপির সঙ্গে সংলাপ করবে ইসি।
একইদিনে নতুন দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) সংলাপে ডেকেছে ইসি। সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসির জনসংযোগ শাখা জানায়, ১৯ নভেম্বর সকালের পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া বেলা দুইটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-(বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) আমন্ত্রণ জানানো হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার-চার দিন মিলিয়ে ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো। নতুন করে নিবন্ধন পাওয়া দুটি দল নিয়ে বর্তমানে ইসিতে মোট ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।


