১৪ ঘণ্টা পর রংপুরের পীরগাছায় লাইনচ্যুত পদ্মরাগ ট্রেনের চারটি বগির উদ্ধারকাজ শেষে আবার শুরু হয়েছে রেল যোগাযোগ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় লাইনচ্যুত হওয়া ট্রেনের বগিগুলো উদ্ধার শেষে রাত আড়াইটায় এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। দ্বিতীয় নম্বর লাইনটি সচল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এ পথে ভোগান্তিতে পড়েন হাজার হাজার রেলযাত্রী।
পীরগাছা রেলওয়ের স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের পাত ভেঙ্গে যায়। এতে ইঞ্জিনের পেছন থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, অনেক যাত্রী অভিযোগ করেছেন, তাদের মালামাল খোয়া গেছে। ঘটনার সময় ট্রেনে দুই হাজার যাত্রী ছিলেন ।
ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার এবং নাইনটিন আপ ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিকাল ৪টা থেকে রাত আড়াইটা পর্যন্ত রেলের লালমনিরহাট ডিভিশনের প্রকৌশল বিভাগ, ট্রাফিক বিভাগ এবং সিগনাল বিভাগের প্রায় শতাধিক কর্মী দুর্ঘটনা কবলিত বগিগুলো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে সরিয়ে নিতে সক্ষম হয়। এরপর একটি লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো সচল করার হয়। দ্বিতীয় লাইনটি মেরামতের চেষ্টা চলছে।
এ ঘটনায় লালমনিরহাট ডিভিশনের পরিবহন ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।
রেলওয়ে লালমনিরহাট বিভাগের ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ‘দুর্ঘটনার পরপরই আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। প্রথমে বিকাল সাড়ে ৪ টায় লালমনিরহাট থেকে আসা একটি উদ্ধার ট্রেন দিয়ে দুর্ঘটনা কবলিত বগিগুলোর আগে থাকা একটি বগি কাউনিয়া রেলওয়ে জংশনে সরিয়ে নেই। পরে পার্বতীপুর থেকে আসে উদ্ধারকারী ট্রেন। এ সময় রেলওয়ের প্রকৌশল বিভাগ সহ অন্যান্য বিভাগের শতাধিক কর্মী একটানা রাত আড়াইটা পর্যন্ত কাজ করে। পরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।’
তিনি বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি লাইন, বগি এবং সিগন্যাল ত্রুটিসহ বিভিন্ন ত্রুটিকে সামনে নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। কোনো বিভাগের গাফিলতি থাকলে তাকে যথাযথ আইনের আওতায় আনা হবে।
রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম জানান, বাকি লাইনটিও সকালের মধ্যে সচল করা সম্ভব হবে।


