আন্তর্জাতিক শিক্ষা বোর্ড অক্সফোর্ডএকিউএ প্রথমবারের মতো বাংলাদেশে বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এতে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলগুলোর একশর বেশি শিক্ষক অংশ নেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জিসিএসই বিজ্ঞান বিষয়ের পাঠদানের কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রমের ওপর বিশেষ সেশন নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অক্সফোর্ডএকিউএর আন্তর্জাতিক প্রশিক্ষক ও প্রধান পরীক্ষক কেভিন ল্যাঙ্কাস্টার এসব সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ও নেপালের জন্য অক্সফোর্ডএকিউএ’র কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা ও কেভিন ল্যাঙ্কাস্টার।
শাহীন রেজা বলেন, ‘বাংলাদেশ অক্সফোর্ডএকিউএর কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ। শিক্ষক প্রশিক্ষণ ও ধারাবাহিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আগামী মাসগুলোতে অক্সফোর্ডএকিউএ আরও কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করার পরিকল্পনা করছে।’
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ–এবং যুক্তরাজ্যের বৃহত্তম পরীক্ষা বোর্ড একিউএ’র যৌথ উদ্যোগে গঠিত পরীক্ষা বোর্ড হলো অক্সফোর্ডএকিউএ।


