সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে আনুষ্ঠানিক ‘নোট ভারবাল’ পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ‘নোট ভারবাল’টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নোট ভারবাল পাঠিয়েছি। এখনো কোনো জবাব পাইনি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া আশা করছি না।’
তিনি জানান, প্রথম নোট ভারবাল পাঠানোর পরও কোনো জবাব মেলেনি। ‘দ্বিতীয় চিঠির এক সপ্তাহের মধ্যেই জবাব আসবে, এটা আমি মনে করি না। তবে এবার আমরা ভারতের প্রতিক্রিয়া প্রত্যাশা করি।’
সর্বশেষ ‘নোট ভারবালের বিষয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ বিচার শেষে শেখ হাসিনার দণ্ডাদেশ হয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার আলাদা এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বোয়িং বেছে নিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্কে তার প্রভাব পড়তে পারে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা, ‘একটি বাণিজ্যিক সিদ্ধান্তে বাংলাদেশের সামগ্রিক ইইউ–সম্পর্ক নির্ভর করবে বলে মনে করি না। রাষ্ট্রদূত স্বভাবতই তার দেশের পণ্যকে এগিয়ে দিতে চাইবেন—এটাই তার দায়িত্ব। তিনি দায়িত্ব পালন করেছেন। তবে আমাদের জন্য কোনটা উপযোগী, তা নির্ধারণ করবেন আমাদের বিশেষজ্ঞরা।’
মিয়ানমারের নির্বাচনে বাংলাদেশের পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারের আসন্ন নির্বাচনে বাংলাদেশ কোনো পর্যবেক্ষক পাঠাবে না।’


