দেশের হাসপাতালের দালালচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আজকে আমি কোন দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।’
বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী পুরাতন ভবনের একাধিক ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট ঘুরে দেখেন। তখন বেশ কিছু অসংগতি তার নজরে এলে তা দ্রুত সমাধানের জন্য হাসপাতালের পরিচালককে তাগিদ দেন তিনি।

সাখাওয়াত হোসেন জানান, রোগীর তুলনায় হাসপাতালে সুযোগ-সুবিধা কম। আরও চিকিৎসক প্রয়োজন। স্টাফ ও নার্সেরও ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ‘আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকায় ভরা, এখন তা কমেছে। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না এমন কমপ্লেইন রয়েছে।’
একটি বাদে বাকি অপারেশন থিয়েটারগুলো উন্নত নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকেরও সংকট রয়েছে।
এ ছাড়া হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানে ধোয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে বিল কর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশের হাসপাতাল নিয়ে বড় পরিকল্পনা রয়েছে।


