দেশে হাম পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে ২ জনের হামে আক্রান্ত হওয়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৩ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৭৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৫ জন রয়েছে। এ ছাড়া রাজশাহীতে ১২৪ জন, খুলনায় ৮২ জন, বরিশাল ও ময়মনসিংহে ৪৯ জন করে, সিলেটে ৪৬ জন এবং রংপুরে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৫৪ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৩ হাজার ৩৮০ জন সুস্থ হয়েছেন।
ল্যাব পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে। নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, রাজশাহীতে ১০ জন, বরিশালে ৩ জন, ময়মনসিংহে ১ জন এবং সিলেটে ১ জন রয়েছে। চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে এ সময়ে কোনো নতুন নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে ৫ জন এবং রাজশাহীতে ২ জন রয়েছে। সন্দেহজনক মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, রাজশাহীতে ৫৫ জন, চট্টগ্রামে ১০ জন এবং খুলনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়মিত নজরদারি ও তথ্য হালনাগাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


