সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এ ছাড়া রোগটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬০ জন।
শনিবার হাম নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ৯৮ জন মারা গেছেন। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে ।
অধিদপ্তর জানিয়েছে, পূর্বের প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯ জন বলা হলেও হালনাগাদ তথ্যে আরও ৭ জন যুক্ত হয়ে তা ১৬ জনে উন্নীত করা হয়েছে।
সংক্রমণের ঊর্ধ্বগতি বজায় থাকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬০ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে এবং ৮২৬ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে মৃত্যুর হার ও সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে তিনজনই ঢাকা বিভাগের।
বর্তমানে সারা দেশে ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এ পর্যন্ত ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।


