সারা দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত হয়ে তিনজনের নিশ্চিত মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৭০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৩৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৫৬ জনে ও নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৭ জন।
এই সময়ের মধ্যে সন্দেহজনক হামজনিত কারণে মোট ৪০১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮০ জন।
হামের প্রকোপ নিয়ন্ত্রণে সরকারের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ জোরদারভাবে চলমান রয়েছে। ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্স-এর তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন, যার বিপরীতে এ পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ৮৭০ জনকে টিকা দেওয়া হয়েছে (কাভারেজ ১০২%)।
অন্যদিকে দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১৯ লাখ ৯০ লাখ ১৬৮ জনকে টিকা দেওয়া হয়েছে (কাভারেজ ১০৪%)। সিটি করপোরেশনগুলোর মধ্যে সর্বোচ্চ কাভারেজ লক্ষ্য করা গেছে গাজীপুর সিটি করপোরেশনে (১১১%) এবং সর্বনিম্ন কাভারেজ রংপুর সিটি করপোরেশনে (৯৭%)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ১০৭% ও ১০২% কাভারেজ অর্জিত হয়েছে।


