ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরের নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
শনিবার বিকাল ৩টা থেকে শতশত নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচির কারণে এলাকায় যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিকাল ৩টার পর থেকে অবস্থানকারীরা সড়কে বসে পড়লে নিউমার্কেট এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে আশপাশের সড়কে যানজট দেখা দেয়।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, ‘ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন।

চট্টগ্রামের ইনকিলাব মঞ্চের নেতা আবু হেনা নোমান বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে সারা রাত অবস্থান করব।’
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’


