‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে সিইসি রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিতর্কিত বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়টি ইসির দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে ইসির বলেছে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে সিইসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন।
এর অংশ হিসেবে রোববার বিকালে আইন-শৃংঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিইসি মূলত তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না।
ইসি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে ইসি মনে করে।


