ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ইশরাক লেখেন, শরিফ ওসমান হাদির ওপর `কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হত্যাচেষ্টার হামলা’ চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ‘নর্দমার কীট’ উল্লেখ করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে হামলাকারীদের ‘জনগণের হাতে সোপর্দ করার’ ব্যবস্থা করেন।
পোস্টে তিনি আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।


