হরিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ড্রেজার বাণিজ্যের অভিযোগ

হরিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ড্রেজার বাণিজ্যের অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুরে পুকুরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দৃশ্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের হরিরামপুরে পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকুর বিরুদ্ধে। প্রায় দুই সপ্তাহ ধরে গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে মাটি তুলে পাশের জমি ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চরপাড়া এলাকায় রতন মিয়া ওরফে বাচ্চু মিয়ার পুকুরে ড্রেজার বসিয়ে মাটি তোলা হচ্ছে। পরে সেই মাটি পাশের ওয়াজেদ আলীর জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে।

পুকুরের মালিক রতন মিয়া বলেন, খালিদ সাইফুল্লাহ জিকুর কাছে প্রতি ঘনফুট মাটি ২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছেন তিনি। তার কাছ থেকে মাটি কিনে ড্রেজারের মাধ্যমে কয়েক দিন ধরে পুকুর থেকে মাটি তোলা হচ্ছে এবং তা পাশের জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এভাবে মাটি কাটতে থাকলে পুকুরের পাড় ভেঙে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে খালিদ সাইফুল্লাহ জিকুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ‘ছাত্রদলের ব্যানারে থেকে কোনো ধরনের অপকর্ম বা অবৈধ ব্যবসা করার সুযোগ নেই। ছাত্রদলের ব্যানারে থেকে ড্রেজার ব্যবসারও সুযোগ নেই। কারও ব্যক্তিগত দায় সংগঠন নেবে না। কেউ ছাত্রদলের ব্যানারে থেকে ড্রেজার ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর