হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর মধ্যে দুটি জাহাজকে তারা জব্দ করেছে। বুধবার এ খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।
আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজকে ‘জব্দ’ করা হয়েছে। ওই দুই জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানোর কথা জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস বলে নিশ্চিত হয়েছে বিবিসি ভেরিফাই।
এপামিনোন্ডাসের ক্যাপ্টেন অভিযোগ করেন, তাদের ওপর হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুর নিউজ। তাদের খবরে বলা হয়, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল।
ইউকেএমটিও বলেছে, ওমানের উত্তর-পূর্ব দিকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে। এর ফলে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড বিবিসি ভেরিফাইকে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে তৃতীয় একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজটি হরমুজ প্রণালি থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়।


